ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন
ফেনী প্রতিনিধি ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে আগেই এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
মানবতার দেওয়াল উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশ্বনাথে গড়ে তোলা হয়েছে থানা কমপাউন্ডের দেওয়ালে ‘মানবতার’ দেওয়াল। ঐ দেওয়াল থেকে অবহেলিত, গরিব মানুষ সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের কাপড়। শনিবার সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানবতার দেওয়াল উদ্বোধন করেন বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আবুল কাশেম, সাংবাদিক কামাল মুন্না, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. ফজল খান, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
সর্ব্ব ধর্ম্ম মিশনের ১০০ বছর পূর্তি উত্সব
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে শনিবার সর্ব্ব ধর্ম্ম মিশনের ১০০ বছর পূর্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামে সর্ব্ব ধর্ম্ম মিশনের প্রধান কার্যালয়ে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব নবীনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব্ব ধর্ম্ম মিশনের প্রেসিডেন্ট সন্তোষ কুমার পাল। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক অধ্যাপক শ্যামা প্রদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান প্রমুখ।
ঝিনাইদহে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শনিবার মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের পাগলা কানাই এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশার জেলা ব্যবস্থাপক হেজাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আবুল কালাম আজাদ।
গৌরনদী হানাদার মুক্ত দিবস আজ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদী হানাদার মুক্তি দিবস আজ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও গৌরনদী পাকহানাদার মুক্ত হয়েছিল ২২ ডিসেম্বর। বাংলাদেশের মধ্যে সর্বশেষ বিজয় পতাকা উড়েছিল গৌরনদীতে। দীর্ঘদিন যুদ্ধের পর পাক সেনারা পরাস্ত হয়ে ১৯৭১ সালের ২২ ডিসেম্বর মিত্র বাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তিবাহিনীর হাতে আত্মসমর্পণ করে। দিবসটি উপলক্ষ্যে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে বই প্রদান
নাটোর প্রতিনিধি নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে বিপুল পরিমাণ বই প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে লাইব্রেরি মিলনায়তনে লাইব্রেরির বার্ষিক সাধারণ সভায় এসব বই হস্তান্তর করা হয়। দশ হাজার টাকা মূল্যমানের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ভিত্তিক বই প্রদান করেন জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মো. শাহরিয়াজ এবং সম্প্রতি শিল্পকলা একাডেমি থেকে নাট্যকলায় সংবর্ধিত নাট্যশিল্পী ও ব্যাংকার ওবাইদুল হক মিলন।
চাটমোহর হানাদারমুক্ত দিবস উদ্যাপন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর হানাদারমুক্ত দিবস উদ্যাপন করেছে উপজেলা সাংস্কৃতিক একাডেমি। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাটমোহর সাংস্কৃতিক একাডেমির সভাপতি প্রভাষক ও সংগীত শিল্পী আলী আহমেদ। মুখ্য আলোচক ছিলেন চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আলমগীর মোহাম্মদ।
প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ইয়ার ফোন বিতরণ করা হয়েছে। লক্ষ্মীখোলা বাসভবন চত্বরে দেশের বিভিন্ন স্থানের প্রতিবন্ধীদের মধ্যে এগুলো বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাটী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিত কুমার রায়, মুক্তিযোদ্ধা দীলিপ কুমার রায়, গাজী শফিকুল ইসলাম, ইউপি সদস্য অরবিন্দু কুমার মন্ডল, প্রকাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
৪১তম বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শনিবার তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উঁরাও। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশনা জাহান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম প্রমুখ।
গাভি পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার গাভি পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি সভাকক্ষে এই কর্মশালার অয়োজন করা হয়। মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের আয়োজনে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্প পরিচালক অ্যান্ড কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এস এম লুত্ফুল কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পিএইচডি ফেলো ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ শাহিনূর ইসলাম ও পিএইচডি ফেলো ডা. নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের রিসার্চ সহযোগী ডা. মো. আরিফ। ২৫ জন খামারি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
