একই দিনে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার। টানা চার হারের পর জয়ের খাতায় নাম লেখাল দুই দল। চট্টগ্রামে গতকাল দিনের প্রথম ম্যাচে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ৮০ রানে পরাজিত করেছে সিলেট থান্ডার। খুলনার এটি প্রথম হার। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। দ্বিতীয় হারের স্বাদ পেল চট্টগ্রাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রানের পুঁজি গড়ে চট্টগ্রাম। আবিস্কা ফার্নান্দো ৪০ বলে ৭২ রান (৮ চার, ৪ ছয়) করেন। নূরুল হাসান সোহান ২০, ওয়ালটন-১৬, প্লাঙ্কেট অপরাজিত ১৭ রান করেন। রংপুরের মুস্তাফিজ ও গ্রেগরি ২টি করে উইকেট নেন।
জবাবে লুইস গ্রেগরির হাফ সেঞ্চুরিতে ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় রংপুর। গ্রেগরি ৩৭ বলে অপরাজিত ৭৬ রান (৫ চার, ৫ ছয়), ফজলে মাহমুদ অপরাজিত ৩৮ রান করেন। চট্টগ্রামের রুবেল দুটি উইকেট নেন।
