মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ ‘জঙ্গি’ নিহত: ম্যাক্রোঁ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০০:২৯

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ ‘জঙ্গি’ নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার ওই দেশটির মোপ্তি এলাকায় শনিবার তাদের হত্যা করা হয়। আইভরি কোস্টে সফররত ফরাসি প্রেসিডেন্ট ওই অঞ্চল জঙ্গিমুক্ত রাখতে প্রতিশ্রুতি দেন। মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। পরে দেশটির সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে সাড়ে চার হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন করা হয়।  -বিবিসি