g ইত্তেফাক রিপোর্ট
আবাসন খাতের সবচেয়ে বড়ো আয়োজন রিহ্যাব উইন্টার ফেয়ার আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ ফেয়ার চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২৩০টি স্টল থাকছে। এ বছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।
রিহ্যাব ফেয়ার উপলক্ষ্যে রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলেও অভিমত ব্যক্ত করেন রিহ্যাব প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাব প্রেসিডেন্ট।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ুম চৌধুরীসহ রিহ্যাব পরিচালক এবং অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
