ইত্তেফাক রিপোর্ট
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ষষ্ঠ জাতীয় করপোরেট গর্ভানেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। করপোরেট সুশাসন মানদণ্ডে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে তালিকাভুক্ত সব কোম্পানির মধ্যে ১১টি ক্যাটাগরিতে মোট ৩২টি কোম্পানিকে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস।
ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জপদক অর্জন করে। একইভাবে, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জপদক অর্জন করে । বিমা কোম্পানির ক্যাটাগরিতে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। একইভাবে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ক্যাটাগরিতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। একইভাবে টেক্সটাইল ও আরএমজি কোম্পানি ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস লিমিটেড স্বর্ণপদক অর্জন করে ।
একইভাবে ফুড অ্যান্ড এলাইড কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণপদক ও জেমিনি সী ফুড লিমিটেড এবং আমান ফিড লিমিটেড যথাক্রমে সিলভার এবং ব্রোঞ্জপদক অর্জন করে। এছাড়া স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে টেলিকম ক্যাটাগরিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার কোম্পানি ক্যাটাগরিতে এমজেএল বাংলাদেশ লিমিটেড, সার্ভিস কোম্পানি ক্যাটাগরিতে ইস্টার্ন হাউজিং পদক লাভ করেন।
