পর্দার বাইরে বছর কাটলো পূজার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:০১

 বিনোদন রিপোর্ট

 

ঢাকাই সিনেমার বর্তমানে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। গতবছর বেশ কয়েকটি সিনেমা দিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। এরমধ্যে ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমা দুটি ভালো ব্যবসাও করে। শুধু দেশেই নয়, কলকাতার সিনেমাতেও দেখা গেছে তাকে। তবে এই বছরটা অনেকটা ফাঁকাই কেটে গেল পূজার। ঝুড়িতে মাত্র একটি সিনেমা। তাও আবার টলিউডের সিনেমা ‘প্রেম আমার টু’। ঢাকাই সিনেমার তালিকায় এ বছর কোনো সিনেমা নেই তার। তবে তাই বলে তিনি হারিয়ে যাননি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন তিনি। বছরের শেষের দিকে শুরু করেন নতুন সিনেমা ‘জ্বিন’। যেটি মুক্তি পাবে আগামীবছর। নাদের চৌধুরীর পরিচালনায় ছবিটিতে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা সজলকে। এছাড়া ‘শান’ নামের আরো একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবিতে তার নায়ক সিয়াম আহমেদ। পর্দায় উপস্থিত কম থাকলেও শুটিংয়ে নিয়মিত ছিলেন তিনি। যেগুলো মুক্তি পাবে আগামীবছর। এছাড়া সম্প্রতি ‘সাইকো’ শিরোনামে আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে পূজার বিপরীতে অভিনয় করবেন নায়ক রোশান। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে।

এই বছর পর্দার বাইরে কাটলেও আগামীবছর পুরোদমে সিনেমার পর্দায় দেখা যাবে পূজাকে। পাশাপাশি নতুন আরো সিনেমা যুক্ত হলে পূজার ক্যারিয়ারে নতুন একটি সময় আসতে যাচ্ছে নতুন বছরে।