ভাঙ্গুড়ায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে হয় না অপারেশন!

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১০

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কোনো অপারেশন হয় না। ফলে রোগী বিভিন্ন ক্লিনিকে চলে যায়। এতে এখানকার অধিবাসীরা সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিত্সা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলার প্রসূতি মায়েদের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে অর্থনৈতিক ও অন্যান্য কারণে তারা ভাঙ্গুড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে অপারেশন করিয়ে নেন। এতে অনেক টাকা খরচ হয়। তারা আরো বলেন, সরকারি হাসপাতালে এই অপারেশন হলে স্বল্প খরচেই তাদের সিজার সম্ভব হতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, আমি নিজেই একজন গাইনি সার্জন। কিন্তু এখানে এনেসথেসিয়া ডাক্তার নেই এবং ওটির যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের মেশিনও নেই। তাই সিজারসহ বড়ো ধরনের কোনো অপারেশন করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে।

পাবনা জেলা সিভিল সার্জন ডা. মো. মেহেদি ইকবাল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে ডিজিকে জানিয়েছি। কিন্তু পর্যাপ্তসংখ্যক কনসালট্যান্ট এবং এ্যানেসথিয়া ডাক্তার না থাকায় এ মুহূর্তে সেখানে নিয়োগ দেওয়া যাচ্ছে না। তবে পরে ব্যবস্থা করা হবে।