‘স্কুলে স্কুলে আনন্দ পরিবেশ তৈরি করা হয়েছে’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১০

সুনামগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে রবিবার দুপুরে সুনামগঞ্জ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার স্থাপনের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

‘হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ। এই জেলার শিক্ষার গুণমান ও মান সম্পন্ন শিক্ষাদানের লক্ষ্যে জেলায় শিক্ষার উন্নয়নে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধবিষয়ক পাঠাগার স্থাপন করা হয়েছে। স্কুলে আনন্দ পরিবেশ তৈরি করা হয়েছে—যাতে শিক্ষার্থীরা স্কুলে লেখাপড়ার পাশাপাশি আনন্দ-বিনোদনেও মেতে থাকতে পারে। এতে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে’—পরিদর্শনকালে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন—সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুর রহিম বাবর, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম প্রমুখ। শেষে সুনামগঞ্জ সদর উপজেলার বারঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।