উখিয়ায় হতদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, দেরিতে বরাদ্দ পাওয়ার কারণে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ৪০ দিনের মধ্যে শ্রমিকরা ১৫ দিনের কাজ করার সুযোগ পেয়েছে। তাও এ পর্যন্ত তারা বেতন-ভাতা পায়নি। উপরোন্তু ৯৪ লাখ ১১ হাজার টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকা দেরিতে পাওয়ার কারণে তারা প্রকল্প নির্ধারণসহ জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রকল্প ও শ্রমিকের চাহিদাপত্র যথা সময়ে পায়নি। তার পরেও উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি প্রকল্পের ১ হাজার ৭৬৫ জন শ্রমিক ১৫ দিন কাজ করার সুযোগ পেয়েছে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, তার ইউনিয়নে শ্রমিকরা ১৫ দিন কাজ করলেও এখনো পর্যন্ত তাদের বেতন-ভাতা পায়নি। বাকি ২৫ দিনের টাকা কী হবে তান জানতে চাইলে তিনি বলেন, তা পিআইও অফিস জানে।
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, নির্ধারিত সময়ে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ আরম্ভ ও সম্পন্ন করতে হয়। প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাসময়ে ছাড় না পাওয়ার কারণে ৪০ দিনের মধ্যে ১৫ দিনের কাজ হয়েছে। প্রশাসন চাইলে সময় বর্ধিত করতে পারে। না চাইলে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা আছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন জানান, ১১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় শ্রমিকের ২৫ দিন কাজ করার সুযোগ পাচ্ছে না। যার কারণে প্রকল্পের ৯৪ লাখ ১১ হাজার টাকা ফেরত যেতে পারে।
