বাখরাবাদ গ্যাসের দুই কর্মচারী কারাগারে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১২

অবৈধ বিলবই সরবরাহের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দুই কর্মচারীকে ১০ দিনের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ প্রদানসহ বিল বই সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী তাদেরকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেন। রবিবার দুপুরে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন—বিজিডিসিএলের দাউদকান্দি গৌরীপুর কার্যালয়ের রাজস্ব সহকারী মো. আনিছুর রহমান ও একই কার্যালয়ের ক্রয় সহকারী মো. শহিদুল ইসলাম।

জানা যায়, রবিবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১৫০ মিটার গ্যাস লাইন উত্তোলন এবং তত্সংলগ্ন এলাকায় তিন কিলোমিটার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের কাছে তাদের বিল বই প্রদর্শন করে এবং কাগজপত্র দেখায়। এসময় গ্রাহকরা বাখরাবাদ গ্যাসের গৌরীপুর কার্যালয়ের রাজস্ব সহকারী মো. আনিছুর রহমান ও ক্রয় সহকারী মো. শহিদুল ইসলাম তাদেরকে গ্যাস সংযোগ ও বিল বই সরবরাহ করে বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, এ বিষয়ে ঐ দুই কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তারা অবৈধ বিল বই সরবরাহের কথা ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করে জবানবন্দি দেয়। তাই তাদের দুই জনকে ১০ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।