চট্টগ্রামে ‘প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সার্কিট হাউজে রবিবার ‘প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সমাজে প্রকৃত অপরাধীদের পাশাপাশি  শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি অনেকে অপরাধ না করেও অপরাধী হয়ে কারাগারে যায়। শহর পাড়া-মহল্লা ও বস্তিতে থাকা বাবা-মা ছাড়া পরিত্যক্ত শিশুদের মধ্যে সবাই সত্ পথে চলবে, শিখবে—এটাতো আশা করা যায় না। তাদের বুঝিয়ে শুদ্ধ বা সংশোধন করে সমাজের মানুষের সঙ্গে সম্পৃক্ত করা সবার নৈতিক দায়িত্ব। জেলখানার কিছু কিছু নিরপরাধ শিশু আসামিকে দাগি আসামিদের সঙ্গে সেলে রাখার কারণে তারাও অনেক সময় অপরাধে জড়িয়ে পড়তে পারে। সংশোধনের লক্ষ্যে জেলখানায় তাদের জন্য কোরআন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কুটির শিল্প কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে জেল থেকে বের হয়ে পুনরায় অপরাধে না জড়িয়ে এরা নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারে।

ইউএনডিপির সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা নাজনীন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ জেড এম শরীফ হোসেনের সভাপতিত্বে ও চমেক হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিত্ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন, ঢাকার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রবেশন ও চিকিত্সা) লামিয়া ইয়াছমিন এবং চট্টগ্রামের ইউএনডিপি বাংলাদেশের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী।