কমলগঞ্জে দুই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান এলাকায় দুই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ মূল হোতা সিএনজি চালক ইউসুফসহ সাত জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো—আলমগীর হোসেন, রুবেল মিয়া, ইউসুফ আলী, সেলিম মিয়া, রবিলাল উরাং, বিকাশ মুন্ডা ও আবু সুফিয়ান।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতাসহ এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।