বাকেরগঞ্জে ছুরিকাঘাতে নিহত এক :গ্রেফতার আট

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রবিবার প্রতিপক্ষের ছুরির আঘাতে মাহমুদ হাসান সজীব (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ছোটো পুঁইয়াউটা গ্রামের দিঘির পাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সজীব স্থানীয় আ. রাজ্জাক ব্যাপারীর ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে নিহতের চাচা জমিতে কাজ করতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ পরিমল সরকারের ছেলে সুব্রত সরকার ও তার সঙ্গীরা কাজে বাধা দেয়। তার ডাকচিত্কার শুনে সজীব ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ছুরির আঘাতে সজীব মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় সজীবকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, বাকেরগঞ্জ থানা পুলিশ তাত্ক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি জব্দ করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।