বার্সেলোনা ৪ আলাভেস ১
স্পোর্টস ডেস্ক
প্রতি বছর অর্ধশতাধিক গোল করাটাকে যেন অভ্যাসই বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। গত শনিবার রাতে আলাভেসের বিপক্ষে বছরের শেষ ম্যাচটিতে গোল করে শেষ দশ বছরে নবমবারের মতো এই মাইলফলক স্পর্শ করেন বার্সা অধিনায়ক। এতে ভর করে দল বার্সেলোনাও আলাভেসকে হারিয়েছে ৪-১ ব্যবধানে।
এলক্লাসিকোয় বার্সাকে বেশ অচেনাই লাগছিল। সে ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর গত শনিবার রাতেই স্বরূপে ফেরে কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ১৪ মিনিটেই আন্তনিও গ্রিজমানের গোলে এগিয়ে যাওয়ার পর ৪৪ মিনিটে আর্তুরো ভিদালের বুলেট গতির শটে ব্যবধান বাড়ায় স্বাগতিক দলটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেরেপন্সের লক্ষ্যভেদে সফরকারী আলাভেস ব্যবধান কমালে কিছুটা অস্বস্তিতেই পড়ে কাতালানরা।
সমতা ফেরানোর লক্ষ্যে বার্সার ক্ষণে যখন ক্রমেই চাপ বাড়াচ্ছিল সফরকারীরা তখনই দৃশ্যপটে আসেন মেসি। বক্সের একটু বাইরে লুই সুয়ারেজের বাড়ানো বল থেকে দূরপাল্লার শটে তুলে নেন বছরের ৫০তম গোলটি। তবে এর মিনিট চারেক পরই ব্যক্তিগত দ্বিতীয় গোলটা পেতে পারতেন মেসি। কিন্তু বার্সা অধিনায়ক ভিএআর পরীক্ষার পর পাওয়া পেনাল্টিটি নেয়ার সুযোগ তুলে দেন এর আগে তিনটি গোলের সুযোগ সৃষ্টি করা সুয়ারেজকে। সেখান থেকে বার্সার শেষ গোলটি করেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড। এই জয় ২০১১ সালের পর আবারও পুরো বছর জুড়ে ঘরের মাঠে অপরাজিত থাকার স্বাদ দেয় কাতালানদের।
শেষ দশ বছরে ৯ বারই ৫০টিরও বেশি গোল করা মেসি কোচ ভালভার্দের অকুণ্ঠ প্রশংসাই পেলেন। বার্সেলোনা কোচ বলেন, ‘মেসিকে দলে পাওয়াটা অনেক বড়ো একটা সুবিধা। যে কোনো সময়ে লিও হাজির হয় এবং যে কোনো জায়গা থেকে গোল করে বসে।’
তবে বাস্ক দল আলাভেসের বিপক্ষে জয়টাকে মোটেও সহজ ভাবছেন না কোচ। বললেন, ‘প্রথমার্ধটা দারুণ খেলেছি আমরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা কিছুটা ছন্দহীন হয়ে পড়েছিলাম আর তাতেই তারা গোলটা করেছিল। তৃতীয় গোলটার পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমরা বুধবারেই একটা তীব্র লড়াই শেষে এখানে এসেছিলাম এবং দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হতে পারে অনেক বড়ো ব্যবধান কিন্তু আমার সেটা মনে হয় না।’
তবে তালিকার শীর্ষে থেকে বছর শেষ করায় স্বস্তিই পাচ্ছেন বার্সা কোচ। তিনি বলেন, ‘আমরা একটা ভালো অনুভূতি নিয়েই যাচ্ছি। কারণ আমরা জানি লিগটা অনেক লম্বা। খেলায় যে লক্ষ্য নিয়ে আপনি খেলেন সেটা অর্জন করতে পারলে অনুভূতিটা ভালোই হয়।’
জানুয়ারিতেই মিডফিল্ডার কার্লোস আলেনইয়া ও আর্তুরো ভিদালের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন আছে সপ্যানিশ সংবাদ মাধ্যমে। তবে ভালভার্দে সেসব গুঞ্জনকে উড়িয়েই দিলেন। আলাভেস ম্যাচে শুরুর একাদশে থাকা দুইজনকে নিয়ে তার মূল্যায়ন, ‘দুজনের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। মধ্যমাঠে এ দুজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা ভালো খেলেছে এবং সামনের বছরেও আমাদেরই সঙ্গে থাকবে তারা। তাদের ওপর আমার ভরসা আছে।’
