শেষ পাঁচ মিনিটের ঝড়ে ভলফসবুর্গকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে শুরু থেকেই অবশ্য প্রতিপক্ষ রক্ষণে আক্রমণ চালাচ্ছিল বুন্ডেসলিগা শিরোপাধারীরা। গোল পাওয়ার আগে প্রতিপক্ষ গোলমুখে দুই অর্ধ মিলিয়ে ছয়টি শট তারই সাক্ষ্য দেয়। ম্যাচের শেষ ১০ মিনিটে যখন পয়েন্ট হারানোর শঙ্কা চেপে ধরেছিল বায়ার্নকে, তখনই দলটির ত্রাতারূপে আসেন তরুণ ফরোয়ার্ড জশুয়া জির্কজি। ৮৫ মিনিটে তার গোলের পর শেষ মুহূর্তে রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো বলে সের্জ গনাব্রির লক্ষ্যভেদে ২-০ গোলের জয় নিশ্চিত হয় ব্যাভারিয়ানদের। দিনের অন্য ম্যাচে লাইপজিগ ৩-১ ব্যবধানে হারিয়েছে অগসবুর্গকে। ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারাই। সমানসংখ্যক ম্যাচ খেলে তিনে থাকা বায়ার্নের সংগ্রহ ৩৩ পয়েন্ট।
