ঢাকাকে আটকে দিতে চায় কুমিল্লা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২১

স্পোর্টস রিপোর্টার

এক দিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা প্লাটুনের বিরুদ্ধে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

গতকাল চট্টগ্রামে অনুশীলন করেছে কুমিল্লা ও ঢাকা। চার ম্যাচ খেলেছে দুই দল। দুটি করে জয় আছে দুই দলের। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই। গত ১৩ ডিসেম্বর ঢাকায় দুই দলের ম্যাচে হেরেছিল কুমিল্লা। আজ তাই ঢাকার বিরুদ্ধে হারের শোধ নিতে চায় কুমিল্লা।

কাগজে-কলমে মাশরাফি বিন মুর্তজার ঢাকায় শক্তিশালী। তারুণ্যে ঠাসা কুমিল্লাও খারাপ করছে না। টুর্নামেন্টে তাদের দলটিও বেশ ভারসাম্যপূর্ণ। সৌম্য সরকার-সাব্বির রহমানরা দলগতভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছে।

সৌম্য অবশ্য প্রতিশোধ নেয়ার কথা বলছেন না। তবে জয়ের জন্য একাট্টা থাকবে কুমিল্লা শিবির। গতকাল বাঁ-হাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘ওরকম কিছু না, জেতার জন্য ঐ ম্যাচে নেমেছি, আগামীকালও (আজ) জেতার জন্যই নামব। ম্যাচ শেষে বোঝা যাবে আমরা কি করেছি।’

মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবে কুমিল্লা। সৌম্যর ভাষায়, ‘এখনো পর্যন্ত ঢাকাও চারটা খেলছে, আমরাও চারটা খেলেছি, দুইটা করে জয় আছে। কালকের (আজ) ম্যাচটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। আশা করি, দুই টিমই জয়ের জন্য নামবে, মাঠের ক্রিকেটে যারা খেলবে ফল তাদের পক্ষেই যাবে। আমরা চাই মাঠের ক্রিকেটে আমরাই যেন বেশি ভালো খেলতে পারি।’

ঢাকাকে আটকে দিতে ভিন্ন কোনো পরিকল্পনার কথা জানালেন না সৌম্য। তিনি বলেছেন, ‘আলাদা বলতে আগে একটা ম্যাচ খেলেছি ঢাকার সাথে। ওই একই প্ল্যান থাকবে, সেভাবেই আগাবে। আলাদা কিছু না সবাই সবার জায়গায় চেষ্টা করবে।’

বিপিএলে এবার কুমিল্লার হয়ে ব্যাটে-বলে পারফরম করছেন সৌম্য। পুরোদস্তুর অলরাউন্ডার বলতে যা বোঝায়। এখন পর্যন্ত চার ম্যাচে ১১৭ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৭ উইকেট। টুর্নামেন্টের তৃতীয় সেরা উইকেটশিকারি এখন তিনি।

বিপিএলে নিজের ভূমিকা নিয়ে সৌম্য বলেছেন, ‘এখন তো দুইটাই করছি, যখন যেটাতে থাকছি চেষ্টা করছি শতভাগ দেওয়ার জন্য। ব্যাটিংয়ে হলে ব্যাটিং, বোলিং হলে বোলিং।’

মিডিয়াম পেস বোলিংয়ে দলে ব্রেক থ্রু এনে দেয়া, মিতব্যয়ী বোলিং করছেন সৌম্য। নিজের বোলিং সম্পর্কে এই বাঁ-হাতি বলেছেন, ‘আমি চিন্তা করি যখন আমি ব্যাটিং করতাম তখন কি করতাম, সেটা ভেবেই বল করি। লাইন লেংথটা বজায় রাখার চেষ্টা করছি।’