ঝুলে থাকল রহমতগঞ্জ ও শেখ জামাল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ থেকে প্রেসবক্সের সিঁড়ি ভেঙে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলনে যাচ্ছিলেন রহমতগঞ্জের কোচ গোলাম জিলানী। মাথাটা নিচু করে আফসোস করেছিলেন। জিলানীর কষ্ট, একটুর জন্য ম্যাচটা জেতা হলো না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকা রহমতগঞ্জ ১-১ গোলে ড্র করল।

গোলাম জিলানীর কষ্টটা হচ্ছে ৫৭ মিনিটে গোল করল তার দল, ৬২ মিনিটে হজম করল। রহমতগঞ্জে যে গোলটি করেছে তা প্রশংসা করার মতো। শেখ জামালের ডিফেন্ডার এবং গোলকিপারকে কাটিয়ে গোলটি করেছিলেন গিনির ফুটবলার কামারা ইউনুসা ১-০। প্রশংসা করার মতো না হলেও সুযোগ কাজে লাগিয়ে শেখ জামালের নাইজেরিয়ান মানডে বক্সের ওপরে দাঁড়িয়ে বাম পায়ে গোল করে মূল্যবান পয়েন্ট কেড়ে নিয়েছেন ১-১।

ফেডারেশন কাপ ফুটবলের ৩১তম আসর চলছে। শেখ জামাল, রহমতগঞ্জ এবং সাইফ স্পোর্টিং খেলছে ‘ডি’ গ্রুপে। রহমতগঞ্জের দুই ম্যাচ শেষ। এখনো বলা যাবে না তাদের বিদায় হলো, কি হলো না। কারণ এখনো ম্যাচ বাকি রয়েছে শেখ জামাল এবং রহমতগঞ্জের। সেই ম্যাচের ওপর তিন দলের ভাগ্য নির্ভর করছে। রহমতগঞ্জ সাইফ স্পোর্টিং প্রথম ম্য্যাচে গোল হয়নি। কাল রহমতগঞ্জ গোল করে গোল হজম করেছে। এগিয়ে থাকল রহমতগঞ্জ। শেখ জামাল সাইফের ম্যাচে শেখ জামাল জিতলে রহমতগঞ্জকে নিয়ে তারাও কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। এমনকি গোলশূন্য ড্র হলেও শেখ জামাল চলে যাবে, ১-১ ড্র হলে শেখ জামাল যাবে। রহমতগঞ্জ ও সাইফের ভাগ্য নির্ধারণ হবে টসে। ২-২ গোলে ড্র হলে  রহমতগঞ্জের বিদায়। হিসাবটা একটু জটিল হলেও অপেক্ষা করতে হবে। রহমতগঞ্জের কোচ জিলানী বলছেন,‘এত হিসাবের প্রয়োজন হতো না যদি আমরা একটা গোল ধরে রাখতে পারতাম। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেত। এমন এক জায়গা হতে গোল হজম করেছি যেখানে শেখ জামালের মানডে ফাঁকায় দাঁড়িয়ে গোল করলেন। ডিফেন্ডার আরাফাদের দায়িত্ব ছিল।’ শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক প্রথম ম্যাচ খেলতে নামলেন। চরটি প্রস্তুতি ম্যাচ খেললেও কাল রহমতগঞ্জের বিপক্ষে ঝাঁজ দেখা গেল না। মানিক আশাবাদী মানুষ। প্রথম ম্যাচ তাই এখনই হতাশ হতে রাজি না। ইনজুরি ছিল। তার ওপর জাপানের ফুটবলার কাতোর চোখে আঘাত করেছেন রহমতগঞ্জর এক ফুটবলার। মানিক বলছিলেন, ‘আঘাতপ্রাপ্ত কাতো কিছুক্ষণ চোখে দুইটা ফুটবল দেখছিলেন। পরে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ফুটবল খেলতে নেমে চোখে আঘাত করাটা কাম্য নয়।’ যা হোক, জিতলে কোয়ালিফাই করতে পারতাম। পিছিয়ে থেকেও কামব্যাক করেছি।’ আজ খেলা নেই।

আগামীকালের খেলা :

বারীধারা ও মুক্তিযোদ্ধা। মোহামেডান ও শেখ রাসেল। (৩টা ৩০ ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।