সোহেল দ্বিরেফ
নতুন বছরের আগমন হলেই আমাদের মনের মধ্যে একপ্রকার উদ্দীপনা কাজ করে, যা জীবনকে নতুন ছকে, নতুন কৌশলে আবদ্ধ করতে সাহায্য করে। অতীতে ঘটে যাওয়া সকল সফলতা বা ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করেন। এরই মধ্যে কেউ কেউ বসে গেছে তার হিসাবের খাতা খুলে, কী পেয়েছি বা কী হারিয়েছি এসব হিসাব মেলাতে। অনেকে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার তাড়নায় নতুন বছরকে অন্যতম প্রভাবক হিসেবে ব্যবহার করার প্রত্যয় গ্রহণ করে আবার কেউ কেউ সফলতার ডায়ারিটি আরো দীর্ঘায়িত করার জোর চেষ্টা করে।
এই নতুন বছরটি সবার জীবনে আরো অর্থবহ হয়ে উঠবে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। সকল ব্যর্থতা ও প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জীবন সেজে উঠবে নতুন সাজে। ব্যর্থ হলেই থেমে যেতে হবে এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয় কারণ ব্যর্থতার পরেই তো সফলতা আসে। এজন্য জীবনযুদ্ধে জয়ী হতে গেলে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকা উচিত, কীভাবে জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায় তার সব কাজ রপ্ত করা।
আজকাল নতুন বছরকে বরণ করতে আমাদের দেশের তরুণ সমাজ একটু বেশিই তত্পর থাকে। এটা আগে পশ্চিমারা পালন করত কিন্তু এখন এটা শুধু তাদের দখলে নেই! পাশ্চাত্যের সীমানা পেরিয়ে এটা এখন সারা বিশ্বে মহা ধুমধামে পালন করা হয়। তাই ইংরেজি নববর্ষ উদ্যাপন এখন আর কারো একার নয়। আমাদের দেশের তরুণেরা ফানুস উড়িয়ে, কেক কেটে, রাতে পিকনিক করে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে থাকে। তবে গত কয়েক বছর থেকে অভিযোগ আসছে, কিছুসংখ্যক অতি উত্সাহী তরুণেরা এটাকে অতিরঞ্জিত করতে কিছু ভিন্ন পথ অবলম্বন করছে, যা আমাদের দেশীয় সংস্কৃতির জন্য সত্যিই অপমানজনক! আমাদের তরুণ সমাজকে ওসব নেতিবাচক মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, যে কাজ দেশ, সমাজ, জাতি এবং সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দেখা দেয় সেটা অবশ্যই ত্যাগ করা উচিত। শৃঙ্খলার মাধ্যমেও আনন্দ উপভোগ করা যায়। তার জন্য নগ্নতার কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণদেরকে ভুলে গেলে চলবে না, তারাই আগামীর বাংলাদেশ, তারাই আগামীর স্বপ্ন। তাই তারা নিজেদেরকে সাময়িক স্রোতের মুখে যেন ভাসিয়ে না দেয় সেজন্য বড়োদেরকেও বিশেষ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ হলো অপার সম্ভাবনার এক দেশ। তাই নতুন বছরে আমাদের সবার লক্ষ্য থাকবে দেশের উন্নয়নে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেশকে নতুন রূপ দান করা; সেই সঙ্গে সব অপশক্তি রুখে দেওয়া। এজন্য এই তরুণ সমাজকে আগে এগিয়ে আসতে হবে। তারাই পারবে এই দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে।
n লেখক :শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
