পাবলিক বাসের ভেতরে লেখা থাকবে বাসের নাম্বার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

আজকাল পত্রিকার পাতায় চোখ বুলালেই চোখে পড়ে রোমহর্ষক অনেক খবর। নারীদের বিভিন্ন উপায়ে হয়রানি তো এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। নারীরা নিরাপদ নয় কোথাও। অনেক নারীই লোকলজ্জার ভয়ে কিছু প্রকাশ করেন না। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীদের ছুটতে হয় অবিরত। আজকাল লোকাল বাসের ভেতর নারী নিপীড়ন বাড়ছে আশঙ্কাজনকভাবে। শুধু লোকাল বাসেই নয়, দূরপাল­ার বাসেও ঘটছে হয়রানিমূলক অনেক ঘটনা, যা বিবেকবান মানুষের মনে ভীতি তৈরি করছে। এই সামাজিক অবক্ষয় একদিনে থামিয়ে দেওয়া যাবে না। তবে কার্যকর কিছু পদক্ষেপই পারে এগুলো রুখতে। তার মধ্যে উলে­খযোগ্য একটা পদক্ষেপ হতে পারে সকল পাবলিক বাসের ভেতর সেই বাসের নাম্বার লেখা থাকাটা। তাড়াহুড়ো করে বাসে ওঠার কারণে বাসের নাম্বার অথবা নামটাও জানা থাকে না, অনেক সময় তাতে ভিক্টিমের সেবা পেতে বিলম্ব হয় এমনকি পায়ও না অনেকেই। বাসের ভেতর নাম্বার লেখা থাকলে বাসে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে পুলিশকে জানানো সম্ভব হবে এবং পুলিশের পক্ষ থেকে সেবা প্রদানের ক্ষেত্রেও এটা সহযোগিতামূলক হবে। পাবলিক বাসে নারীদের একটা স্বস্তিমূলক পরিবেশ প্রদানে এই ব্যবস্থা করা এখন  সময়ের দাবি। পরিশেষে, সকল পাবলিক বাস হোক নারীবান্ধব— এটাই কাম্য।

মিতা কলমদার

লোকপ্রশাসন বিভাগ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,

ঢাকা