বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি গতকাল রবিবার সকালে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট কারখানা পরিদর্শন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এর নানারকম উত্পাদন কারখানা সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় ওরস্যালাইন, ব্লাড ব্যাগসহ অন্যান্য চিকিত্সা সরঞ্জামাদি তৈরি করা হচ্ছে। কারখানা থেকে প্রতি বছর বর্তমানে ১ লাখেরও বেশি ব্লাড ব্যাগ তৈরি হচ্ছে যা দেশের মোট চাহিদার ৭ ভাগের ১ ভাগ পূরণ করছে। অন্যদিকে, ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট, রংপুর, যশোর, কুমিল্লা আঞ্চলিক অফিস সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি খাবার স্যালাইন উত্পাদন করছে যা গোটা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পরিদর্শনে আরো দেখা যায় প্রতিষ্ঠানটিতে বছরে ২ কোটির মতো আইভি ফ্লুইড উত্পাদন করা হচ্ছে যা দেশের মোট প্রয়োজনের ৮ ভাগের ১ ভাগ পূরণ করছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটি অনেক পুরাতন ও স্যাঁতস্যাঁতে ঝুঁকিপূর্ণ বিল্ডিং হওয়ায় এটিকে নতুনভাবে সরকার কাজে লাগানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। প্রতিষ্ঠানটিকে চিকিত্সা সরঞ্জামাদি উত্পাদনের কারখানা করার পাশাপাশি এটিকে আধুনিক রিসার্স সেন্টার করা যায় কি না সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে।’
