সচিবালয়ের চারপাশে ‘নীরব এলাকা’
বিশেষ প্রতিনিধি
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের চারপাশে ‘নীরব এলাকা’য় হর্ন বাজানোর অভিযোগে ১৮ চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হর্ন বাজানোয় মাকছুদুল ইসলাম ১১ চালকের বিরুদ্ধে মামলা করে ১ হাজার ১০০ টাকা আদায় করেন। অপরদিকে তামজীদ আহমেদ ১১টি মামলা করে দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। শুরুতেই বিল্লাহ হোসেন নামে এক সিএনজি অটোরিকশা চালককে ১০০ টাকা জরিমানা করা হয়। এরপর মোটরসাইকেল চালক তপন বর্মণ, সামিউল আলী, সাইফুল ইসলাম, জেমন টিপু ঢালি, বাসচালক শাহ আলম ও নীরবসহ ১৮ চালককে জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটরা জানান, সতর্কতামূলক হিসেবে খুবই কম জরিমানা করা হচ্ছে। পরবর্তী সময়ে জরিমানার পরিমাণ বাড়ানো হবে।
হর্ন বাজানোর কারণ জানতে চাইলে কেউ বলেছেন, এ এলাকায় যে হর্ন বাজানো যায় না সেটা তারা জানেন না। কেউ বলেছেন, পাশের গাড়ির কারণে তাকে হর্ন দিতে হয়েছে। হর্ন বাজিয়ে অনেকে ক্ষমা চেয়ে শাস্তি থেকে বেঁচেছেন।
চালক হর্ন বাজানোয় এক অতিরিক্ত সচিবের গাড়ি থামানো হয়। তবে গাড়িতে থাকা অতিরিক্ত সচিব ক্ষমা চাওয়ায় ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ কোনো জরিমানা করেননি।
ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের নীরব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করলাম। মোট ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে, মামলা করা হয়েছে ১৮টি। তিনি বলেন, নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ। ২০০৬ সালের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন সচিবালয়ের চারপাশ ‘নীরব এলাকা’ বাস্তবায়নের কার্যক্রম উদ্বোধন করেন।
