ইত্তেফাক রিপোর্ট
সীমান্তবর্তী এলাকা দিনাজপুর থেকে ফার্নিচার নিয়ে একটি কার্গো ট্রাক ঢাকায় নিয়ে আসে মো. ইদ্রিস আলী সরদার (২৩)। ঐ কার্গো ট্রাকে ছিল মাদকের একটি বড়ো চালান। র্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঐ ট্রাকটি তল্লাশি করে খুঁজে পায় প্রায় ১ হাজার ৭০০ বোতল ফেনসিডিল। গতকাল রাতে রাজধানীর তুরাগ এলাকার গ্রীনল্যান্ড হাসপাতালের সামনে থেকে আমিনুল নামে একজনকে আটক করে র্যাব।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এ এস পি) সালাহউদ্দিন আহমেদ জানান, আটক আমিনুলসহ আরো তিন জন দিনাজপুর সীমান্ত এলাকা থেকে প্রায়ই মাদকের চালান নিয়ে আসত। তিনি জানান, ফার্নিচারের ব্যবসার আড়ালে বিশেষ কায়দায় মাদকগুলো আনা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী সরদার (৩৫) ও মো. আব্দুর রহমান (৪২) পালিয়ে গেছে। দিনাজপুর থেকে এই ফেনসিডিলের চালানটি পলাতক আসামি মো. আব্দুর রহমান (৪২) দিনাজপুর থেকে এনে তুরাগে আমিনুলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসে। এদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৩ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন ও ৪২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত শনিবার সকাল ছয়টা থেকে গতকাল রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
