সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:২৪

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালি-ল্লাহি... রাজিউন) । গতকাল রবিবার বাদ মাগরিব ধানমন্ডির বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের              গার্ডেন প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় তার জানাজা হবে। এতে বিচারপতি, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা যোগ দেবেন।

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে সিলেটের গোলাপগঞ্জের রনকেলী গ্রামে। ১৯৭৫ সালের জানুয়ারিতে অতিরিক্ত জেলা জজ হিসেবে বিচারক জীবন শুরু করেছিলেন। ১৯৮৭ সালে হাইকোর্টে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে যোগদানের পরে ২০০১ সালের ১ মার্চে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০২ সালের ১৮ জুন তিনি অবসরে যান। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তার দাফন হবে বলে জানিয়েছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।