ভারতের নাগরিকত্ব আইন প্রতিবেশীদের আক্রান্ত করতে পারে ------পিটিআইকে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:২৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ ইস্যু। তবে এই দুই ইস্যুতে দেশটিতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে তা প্রতিবেশি দেশগুলোকেও আক্রান্ত করতে পারে। রবিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই উদ্বেগের কথা জানিয়েছেন।

ভারতে নাগরিকত্ব সংশোধিত আইন পাশের পর থেকে সহিংস বিক্ষোভ বেড়ে চলেছে। এখন পর্যন্ত ২০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ড. মোমেন আশাবাদ ব্যক্ত করেন যে, দিল্লি এই সংকট কাটিয়ে উঠতে পারবে এবং প্রতিবেশী দেশগুলো এর প্রভাবের বাইরে থাকবে। তিনি বলেন, সিএএ এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ ইস্যু।                  ভারত সরকার বার বার এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। তারা আইনগত ও অন্যান্য কারণে এগুলো করছে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে, কোনো পরিস্থিতিতেই এনআরসি বাংলাদেশকে প্রভাবিত করবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারতের এক নম্বর বন্ধু। ভারতের ওপর আমাদের আস্থা আছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দেখা দিলে বহু দেশ আক্রান্ত হয়। কারণ আমরা বিশ্বায়নের যুগে বাস করি। আমাদের আশঙ্কা, ভারতে সামান্য অনিশ্চয়তা তৈরি হলে প্রতিবেশীরাও আক্রান্ত হতে পারে। এটা অবশ্যই উদ্বেগের। এনআরসি, সিএএ ভারতের অভ্যন্তরীণ ইস্যু। আমাদের ইস্যু নয়। এগুলো তাদেরই দেখা উচিত।

বাংলাদেশে হিন্দু নির্যাতন ও নিপীড়নের খবরও সম্প্রতি অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির নজির খুব কম দেশেই আছে। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে থাকলে তাদের তালিকা দিতে বলেছেন। যাতে করে একটি প্রক্রিয়ার মধ্যে তাদের ফেরত আনা যায়।