কাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:২৮

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সভা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে। গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে টানা নবমবার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই দিন ১৯ সদস্যের প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। পদাধিকার বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১৭ প্রেসিডিয়াম সদস্য হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযূষ কান্তি ভট্টাচার্য, ড. আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, ফারুক খান, আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। এছাড়া পদাধিকার বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়ামে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। বিগত কমিটির শুরু থেকে প্রেসিডিয়ামে দুটি পদ শূন্য ছিল। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আরেকটি খালি হয়।