পিরোজপুরে দখলদারদের কবল থেকে খাল উদ্ধারের দাবিতে গত শনিবার বিকালে শহরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শহর উন্নয়ন কমিটির আহ্বানে চানমারি ও মধ্যরাস্তা খালের অবৈধ দখলদারদের অপসারণ ও যথাযথভাবে খাল খনন কাজ পরিচালনার দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সিআইপাড়া এলাকার শেখবাড়ি পারিবারিক শিশুপার্কে পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মো. মুর্শিদ শেখের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, কমিটির যুগ্ম-আহ্বায়ক ব্যবসায়ী আসলাম শেখ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ সিকদার, মোশারফ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, সংগীতশিল্পী গললু হাসান ও কুমার শাহীন, মো. মুন্না, মো. নাহিদ শেখ, আব্দুল্লাহ মিঠু, মো. আল আমিন শেখ, মো. কাইউম উদ্দিন সর্দার, সাংবাদিক শেখ হাসান মামুন যুব সংগঠক মো. ফরহাদ গাজী প্রমুখ।
