পাথরঘাটায় আড়াই বছরের শিশুকে ছুড়ে ফেলে দিল বাড়ি মালিকের ছেলে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

তুচ্ছ ঘটনায় বরগুনার পাথরঘাটায় ভাড়াটিয়ার আড়াই বছর বয়সি কন্যাকে ছুড়ে ফেলে দিয়েছে বাড়ির মালিকের ছেলে। এ সময় শিশুর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় মা হাওয়া বেগম ও শিশু কন্যা জান্নাতিকে পাথরঘাটা থানা পুলিশ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন।

অভিযুক্ত মাহমুদ পাথরঘাটা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়ির মালিক মতিউর রহমানের ছেলে। অন্যদিকে হাওয়া বেগম উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির সাবেক স্ত্রী ও সদর ইউনিয়নের হরিণঘটা গ্রামের মো. ফারুক দফাদারের মেয়ে।

হাওয়া বেগম বলেন, স্বামী জামালের সঙ্গে তার বিচ্ছেদ হয়। পরে আমাদের সম্পর্ক ফের ভালো হয়। আমি জামালকে বিয়ের কথা বললে সে আমাকে তার ভাড়া করা বাসায় উঠতে বলে। আমি তালা ভেঙে উঠি। একদিন পরেই ঘর মালিকের ছেলে মাহমুদ, দুলাল খান ও তার বোন ফাতিমা আমার ঘরে ঢুকে প্রথমে আমার বৃদ্ধা মাকে মারধর শুরু করে। পরে আমি বাধা দিলে আমার কোলে থাকা আড়াই বছরের শিশু জান্নাতিকে টেনে ছুড়ে মাটিতে ফেলে দেয় মাহমুদ। মেয়েকে ধরতে গেলে আমাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে জামালের বাসা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, হাওয়া বেগম আমার ভাড়া দেওয়া ঘরের তালা ভেঙে প্রবেশের কারণ জানতে চাইলে তারা উলটো আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অবহিত করি।

পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, শুক্রবার রাতের মারধরের ঘটনার এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি।