ছাতকের আব্দুল মালেক (৩২) স্পিডবোটে সাগর পথে স্পেন যাওয়ার সময় সাগরের পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে মরক্কো থেকে স্পিডবোটে সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে স্পিডবোট থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। আব্দুল মালেক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের মোঘলগাঁও গ্রামের মৃত আরশ আলীর পুত্র। নিখোঁজ আব্দুল মালেকের চাচাতো ভাই জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আট মাস আগে আব্দুল মালেক ইউরোপে যাওয়ার জন্য মরক্কো গিয়ে সেখানেই অবস্থান করছিল। কয়েক দিন আগে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে সাগরে পড়ে সে নিখোঁজ হয়। একই স্পিডবোটের যাত্রী তার সঙ্গী ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের আবুল হাসনাত স্পেন পৌঁছে মোবাইল ফোনে মালেকের নিখোঁজ সংবাদ তাদেরকে জানিয়েছেন। আবুল হাসনাতের বর্ণনা অনুযায়ী তারা সাত দিন আগে গেইমে মরক্কো থেকে স্পিডবোটযোগে স্পেনের উদ্দেশে রওয়ানা হন। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে নিজের ভারসাম্য রাখতে না পেরে স্পিডবোট থেকে আব্দুল মালেক পানিতে পড়ে যান।
