দিনাজপুরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় দুই জন গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

দিনাজপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত শুক্রবার দিবাগত রাতে র্যাবের সহযোগিতায় গণধর্ষণ মামলার মূল আসামি মোকসেদুল ইসলাম টুকলু ও মাসুদ রানাকে দিনাজপুর কোতোয়ালি থানার সুন্দরা মঙ্গলা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারের পর এক জন গণধর্ষণের কথা স্বীকার করেছে। র্যাব গ্রেফতারকৃত দুজনকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃত মোকসেদুল ইসলাম টুকলু (৩১) দিনাজপুর কোতোয়ালি থানার সুন্দরা জুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে এবং মাসুদ রানা (২৪) সুন্দরা স্কুলপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ জানান, গ্রেফতারকৃত দুজনকে গত শনিবার বিকালে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে সোপর্দ করলে আসামি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর নিজ স্কুলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে আলতাফের দোকানের কাছে এলে জলকাপাড়া সুন্দরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোকসেদুল টুকলুর নেতৃত্বে আরো অপরিচিত দুই জন মেয়েটিকে তুলে নিয়ে মঙ্গলাবাজারে পাঠানপাড়া পুকুর পাড়ে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় পুকুরের পানিতে ফেলে পালিয়ে যায়।