জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে এরশাদ দেশের ৯০ ভাগ মানুষের মনের আশা পূরণ করেছেন। ইসলামকে রাষ্ট্রধর্ম করে তিনি দেশের সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। এরশাদ সংবিধানে যেভাবে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন তা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ তিনি মসজিদের উন্নয়নে যেমন বরাদ্দ দিয়েছেন, তেমনিভাবে মন্দির, গির্জা ও প্যাগোডাতেও বরাদ্দ দিয়েছেন। গতকাল রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে ওলামা পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, নবম সংসদে সংবিধানের অনেক সংশোধন হয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম বিষয়ে কোনো সংশোধনী বা পরিবর্তন আনতে হয়নি। তিনি বলেন, যারা অন্যায় ও অবিচার করে তারাই ইসলাম ও মুসলিমদের ভয় করে।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন
থেকে সরে দাঁড়াবে জাপা
আগামী ১৩ জানুয়ারি অনুুষ্ঠেয় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাপা। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির নীতিনির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলের মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন। পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে।
০
