রাহেলা রহমত উল্লাহ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ইউএনও করা হয়। অপরদিকে শিক্ষা ও আধুনিক সমাজ বিনির্মাণে বিশেষ অবদান রাখায় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী ও সমাজকর্মী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এদিকে এই সম্মাননা পাওয়ায় দুজনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী।

রাহেলা রহমত উল্লাহ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি সম্পত্তি উদ্ধার, বাল্যবিবাহ রোধ, মাদক, স্কুলছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জেল-জরিমানা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।