আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০১১ সালের ২৩ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে দোয়া ও কোরআনখানি, জীবনাদর্শ তুলে ধরে আলোচনা, স্মরণসভা প্রভৃতি।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের কবরে জাতীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলের সব পর্যায়ের নেতাকর্মী, জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসী শরীয়তপুরবাসীর বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাবেন। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে বিকাল ৩টায় শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি অডিটোরিয়াম), ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া শরীয়তপুরে আওয়ামী লীগ. যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছেন।

আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট)। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক ঐ সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালেই ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। অষ্টম জাতীয় সংসদে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।