রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৫৫)। গতকাল রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তার লাশ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত বাসটিকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, আব্দুল জলিলের বাবার নাম মৃত মনরউদ্দিন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা বাজার গ্রামে। তিনি যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় বসবাস করতেন। নিহত আব্দুল জলিলের ভাই মিলন শেখ জানান, আব্দুল জলিল লোহার ব্যবসা করতেন। নারায়ণগঞ্জে যাওয়ার জন্য তিনি সন্ধ্যায় বাসা থেকে বের হন। সাদ্দাম মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিত্সক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
