আইডিয়ালের অধ্যক্ষ শাহানার এমপিও স্থগিতের আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:৩১

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের এমপিও স্থগিতের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় ঐ এমপিও স্থগিত করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ঐ রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার ঐ স্থগিতের আদেশ দেন। তবে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

গত ২২ অক্টোবর শাহান আরা বেগমের এমপিও সুবিধা স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত স্মারকে বলা হয়, ঢাকা মহানগরীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে বর্ণিত প্রতিষ্ঠানের মতিঝিল, বনশ্রী এবং মুগদা শাখায় ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী তার এমপিও স্থগিত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আবেদনের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে এমপিও স্থগিতের ঐ স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষিত হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।