আত্মবিশ্বাস থাকলে আমার অভিশংসন সিনেটে তুলুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:৩২

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মন্তব্যের জবাবে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলে বলেছেন, সিনেটে তারা অভিশংসন প্রক্রিয়া কেন শুরু করছেন না। এটা খুবই অন্যায় হচ্ছে। শনিবার ন্যান্সি পেলোসি বলেছিলেন, সিনেটে যা-ই ঘটুক না কেন ট্রাম্পকে অভিশংসিত হতেই হবে। প্রেসিডেন্ট যে সংখ্যাগরিষ্ঠতার জোরে এ যাত্রায় টিকে যাবেন বলে মনে  করছেন তা ভুল প্রমাণিত হবে।

জবাবে রবিবার ট্রাম্প বলেন, প্রতিনিধি পরিষদে আমাকে অভিশংসিত করে আত্মতুষ্টিতে ভুগছেন। আবার হুমকিও দিচ্ছেন যেভাবে হোক আমাকে হোয়াইট হাউজ থেকে বিদায় করবেন। আমি নিজেই বলছি আর্টিকেল অব ইমপিচমেন্ট সিনেটে পাঠিয়ে দিন। সেখানে আমার বিচার শুরু হোক। ট্রাম্প দাবি করেন, অভিশংসন যদি প্রতিনিধি পরিষদে সফল হয় তবে দ্রুত সিনেটে পাঠাতে হয়। সেটা না করে স্পিকার ন্যান্সি পেলোসি সংবিধানকে অবজ্ঞা করছেন। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও তদন্তকাজে বাধা দেয়ার অভিযোগে গত ১৮ ডিসেম্বর ট্রাম্পকে অভিশংসিত করে প্রতিনিধি পরিষদ। এখন সিনেটে সেটি অনুমোদন হতে হবে। কিন্তু ১০০ আসনের সিনেটে ৫৩ জন রিপাবলিকান সদস্য রয়েছেন। তাই সেখানে ডেমোক্র্যাটদের সফলতা পাবার সম্ভাবনা ক্ষীন।

বরিসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ: এদিকে, নতুন বছরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। জনসন সমপ্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তাকে ট্রাম্প এ আমন্ত্রণ জানিয়েছেন। তবে জনসন ঠিক কোন সময়ে যুক্তরাষ্ট্র সফর করবেন তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হওয়া এখনো বাকী বলে ডাউনিং স্ট্রিটের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পত্রিকাটি। -রয়টার্স