ইত্তেফাকের যাত্রা শুরু মানিক মিয়ার হাতে
দেশচেতনার ‘রাজনৈতিক মঞ্চ’ গড়ে তাতে
পাকিস্তানের আসল রূপটা তুলে ধরেন তিনি—
কেমন করে দেশকে নিয়ে খেলছে ছিনিমিনি।
ইত্তেফাকে সত্য কথা না ছাপা হয় যদি,
৫৪-তে কে টলাবে শোষকের ওই গদি?
৬৬-তে কে জানাবে বঙ্গবন্ধুর ডাক?
৬-দফা তাই ফলাও করে ছাপায় ইত্তেফাক।
রাজপথে সব নেমে পড়ে বাংলা মায়ের ছেলে,
ইত্তেফাকের প্রচার বন্ধ, মানিক মিয়া জেলে।
উনিশ শত একাত্তরের ২৫ শে মার্চ রাতে,
‘অপারেশন সার্চলাইট’-এ পাকবাহিনী মাতে।
পোড়ায় অফিস ইত্তেফাকের, পুড়িয়ে করে ছাই—
জাতির প্রদীপ চিরতরে নিভিয়ে দেওয়া চাই।
অনেক জ্বলে অনেক পুড়ে অনেক জ্বলেপুড়ে
ইত্তেফাক আজ বাংলাদেশের সবার হূদয় জুড়ে।
