সিলেটে ধান কাটার ধুম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

বৃহত্তর সিলেটের আমনের মাঠে মাঠে এখন সোনালি ধান কাটার ধুম পড়েছে। কৃষকরা সেই ধানের গোছি মাথায় ও কাঁধে বহন করে বাড়ি ফিরছেন হাসিমুখে। কোনো কোনো স্থানে আবার কিষাণিরা খলায় ধান শুকিয়ে কুলায় ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছেন। আবার কেউ ধান মাড়াইর মেশিনও ব্যবহার করছেন। এদিকে শীতে আমন ধানের চালে পিঠা তৈরির উত্সব চলছে। গ্রামের সব জায়গায় ধানের মৌ মৌ গন্ধ।

সিলেটস্থ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মো. ইলিয়াস বলেন, ‘সর্বত্রই ফলন ভালো হওয়ার খবর আসছে। আশা করি এবার রোপা আমনের উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি আমন মৌসুমে সিলেটের চার জেলায় ১০ লাখ ৫০ হাজার ৭৩ মেট্রিক টন চাল পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ’  সূত্রমতে, সিলেট বিভাগের চার জেলায় সম্প্রতি ৭০ ভাগ জমির আমন ধান কাটা সম্পন্ন হয়েছে। বীণার বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম ইত্তেফাককে জানান, মৌলভীবাজার, ছাতক, সিলেট সদরসহ বিভিন্ন এলাকায় প্রতি হেক্টরে সাড়ে ৬ মেট্রিক টন আমন উত্পাদন হয়েছে। এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, হবিগঞ্জ, বিশ্বনাথ, ছাতক, মৌলভীবাজারসহ বিভিন্ন উপজেলা পরিদর্শনে দেখা যায় আমনের ফলন এবার ভালো হয়েছে। এদিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে কৃষক বাদল মালাকার ও আব্দুল হামিদের ব্রিধান-৭০ ফলিয়ে লাভবান হয়েছেন বলে জানান।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রথমদিকে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ২৪৪ হেক্টর জমিতে। পরে তা বেড়ে ৮১ হাজার ৩৮৭ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এই বছর আমনের বাম্পার ফলন হয়েছে বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মো. রবিউল হক মজুমদার।