চিলাহাটি-ঢাকা রেলপথে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি এবার বদলে যাচ্ছে। ট্রেন বহরটিতে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক রেল কোচ। আগামী ২৭ ডিসেম্বর থেকে নতুন রূপে চলবে ঐ ট্রেনটি।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে নীলসাগর আন্তঃনগর ট্রেনটি অপেক্ষাকৃত কম সুযোগ-সুবিধা সংবলিত ভারতীয় কোচ দিয়ে পরিচালিত হয়ে আসছে। এরই পূর্বে ঐ ট্রেন বহরে ১২টি আধুনিক কোচ প্রত্যাহার করে পঞ্চগড়-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চালু করা হয়। ফলে গেল এক বছর ধরে নীলসাগর ট্রেনটি সাধারণ মানের কোচ দিয়ে পরিচালিত হয়ে আসছিল।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলসাগর ট্রনে নতুন কোচ সংযোজনের জন্য অনুরোধ জানান। সেই হিসাবে বদলে যাচ্ছে নীলফামারীর সীমান্ত জনপদ চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী ট্রেনটি।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, নীলফামারীবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন দিবা ও রাতে ট্রেন চালুর জন্য। তবে আপাত ডাবল পাওয়া না গেলেও নীলসাগর ট্রেনে নতুন কোচ যোগ হচ্ছে, এতে আমরা আনন্দিত।
রেলওয়ের একটি সূত্র মতে, ইঞ্জিন সংকটের কারণে আপাত চিলাহাটি-ঢাকা রুটে একাধিক ট্রেন চালানো যাচ্ছে না। বিদেশ থেকে কিছু ইঞ্জিন আনা হচ্ছে। তখন লাভজনক এ রুটে দুটি ট্রেন চালানো সম্ভব হবে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর বদলে যাবে নীলসাগর ট্রেনটি।
