পঞ্চগড় সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ধর্ষণের শিকার ঐ শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে শিশুটির চাচাতো ভাই ধর্ষক আশরাফুল ইসলাম (২৩) পলাতক থাকায় পুলিশ তার বাবা রফিকুল ইসলাম ও ছোটো ভাই নাইমুরকে আটক করেছে।
মামলার এজাহার, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকালে এক সন্তানের জনক আশরাফুল ইসলাম বাড়ির পাশে খেলার সময় ঐ শিশুটিকে একা পেয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে তার পরিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. উম্মে হোমায়রা জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিত্সার জন্য শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার চিকিত্সার খোঁজখবর নিয়ে আলামত সংগ্রহ করেছি। ঐ শিশুর মা বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা ও ছোটো ভাইকে আটক করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, আসামিকে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি স্বল্প সময়ে ধরতে পারব।
