সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৩

ধান কেনার দাবিতে স্মারকলিপি প্রদান

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয়সহ আট দফা দাবিতে সোমবার সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা ক্যান্টিন চত্বরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, খেতমজুর কৃষক ফ্রন্টের মঙ্গল কিস্কু, মহিলা ফোরামের ময়না উরাও প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়।  

জেন্ডার ও মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে ইউনিয়ন ও উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সদস্যদের জেন্ডার ও মানবাধিকারবিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ সোমবার উদ্বোধন করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিডার অর্থায়নে এম জে এস কে এস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। নারীর প্রতি সহিংসতা মোকাবিলা প্রকল্পের সমন্বয়কারী লুত্ফর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সাধারণ সম্পাদক ও উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার ও মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির উপপরিচালক অমল মজুমদার।

উন্নত পাট চাষ শীর্ষক কর্মশালা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে উন্নত জাতের পাট চাষ শীর্ষক প্রশিক্ষণ সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ ও বীজ প্রত্যয়ন অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার, জেলা ক্ষুদ্র পাট পরিদর্শক মুঞ্জুরুল হক বাদল প্রমুখ।

যুবসমাজের কৃষিতে অংশগ্রহণবিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় সোমবার যুবসমাজের কৃষিতে অংশগ্রহণবিষয়ক নীতি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা বারসিক ও তুজুলপুর কৃষক ক্লাব এ সভার আয়োজন করে। সভায় তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সদর উপজেলা মত্স্য কর্মকর্তা আহসান সাজ্জাদ।

কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনায় সোমবার ৫০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রুমী খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জয়নাল আবেদীন প্রমুখ।

পৌর কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা আওয়ামী কৃষক লীগের টুঙ্গিপাড়ার পৌর কমিটি গঠিত হয়েছে। সোমবার উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. ইসলাম শেখকে আহ্বায়ক ও মো. বেল্লাল মোল্লকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

হোমনা হানাদারমুক্ত দিবস উদ্যাপন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা ঘাগুটিয়া হানাদারমুক্ত তথা হোমনা বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে সোমবার। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বড়ো ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও হানাদারমুক্ত দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান খন্দকারের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইসমাইল, মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন মাস্টার প্রমুখ।

উপানুষ্ঠানিক শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সোমবার মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪) উপজেলার দ্বিতীয় পর্যায়ের শিক্ষক ও সুপার ভাইজারদের পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিবার উন্নয়ন সংস্থা এফ ডি এ এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভোলা জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক (অ. দা.) মো. জানে-ই আলম হাওলাদার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাহউদ্দিন ও মো. মাহবুবুল আলম শাহীন।

প্রতিবন্ধীদের নিয়ে স্পেশাল অলিম্পিকস্্ গেইম উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি স্পেশাল অলিম্পিকস্্ বাংলাদেশ এর উদ্যোগে ও ব্যাবস্থাপনায় প্রথমবারের মতো রাঙ্গামাটিতে সোমবার প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। মারী ষ্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এ সময় স্পেশাল অলিম্পিকস্্ বাংলাদেশ এর কোষাধ্যক্ষ নুরুল আলম, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, সোয়াক ও স্পেশাল অলিম্পিকস্্ বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টার সভাপতি সুবর্ণা চাকমা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে সোমবার বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের রাণীনগর থানার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুসার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। উপস্থিত ছিলেন জাতীয় ইমাম  মোয়াজ্জেম কল্যাণ সমিতির রাণীনগর শাখার সভাপতি আব্দুল আলিম, রাণীনগর শাখা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সহ-সভাপতি চন্দ কুমার মোহন্ত, ইসলামিক ফাউন্ডেশন রাণীনগর শাখার মডেল কেয়ার টেকার মহসিন আলী প্রমুখ।

স্কুল-মাদ্রাসার শীতকালীন খেলা উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার তিন দিনব্যাপী স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম ও সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম।

সংবাদকর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা ব্র্যাক বদলগাছীর আয়োজনে সোমবার সংবাদকর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী পরিষদ ডাকবাংলো সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির। উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নওগাঁ জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মো. ওয়াজেদ আলী, সাংবাদিক ফজলে মওলা প্রমুখ।