ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়া তিন শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কিছু লোক ক্রিসমাস পার্টি উদ্যাপনের সময় তাড়ি খান বলে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।
রাজধানী ম্যানিলার দক্ষিণের দুইটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। ফিলিপাইনে ছুটির দিন ও উত্সবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক। লাগুনার রিজাল শহরে বৃহস্পতি ও রবিবার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারিসংক্রান্ত বিভাগ জানিয়েছে, এদের সবার লাম্বানোগ খাওয়ার করুণ ইতিহাস ছিল। ‘জন্মদিনের উত্সব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল, অন্যদের বড়োদিন উপলক্ষ্যে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিল,’ বলেছেন তারা। ফিলিপাইনে লাম্বানোগের অনিয়ন্ত্রিত উত্পাদন ও বিক্রি প্রচলিত আছে। কখনো কখনো পানীয়টি অবৈধভাবে তৈরি করে তার সঙ্গে মিথানলের মতো বিপজ্জনক অন্যান্য উপাদানও যোগ করা হয়। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এ বিষয়ে সতর্কতাও জারি করেছিল। গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
