থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘আগামীকাল’। পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ছবিটির কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, মম ও টুটুল চৌধুরী। ছবির গল্প আবর্তিত হয়েছে এই তিন অভিনয়শিল্পীকে ঘিরে। এতে ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা করা শিক্ষার্থী। মম অনাথ ও গরিব ঘরের সন্তান। অন্যের বাড়িতে আশ্রিতা। আর টুটুল চৌধুরী স্মাগলার। গল্পে মমর সঙ্গে ইমনের দেখা হয় ঘটনাক্রমে। পরিচয় থেকে প্রেম হয় তাদের মধ্যে। কিন্তু মমর আশ্রয়দানকারী মা তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এ নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্ঠি হলে আশ্রয় দানকারীর মেয়ে কৌশলে ইমনকে হত্যা করিয়ে মমকে আসামী বানায়। এতে মমর জেল হয়। তবে এই অসাধু ধনাঢ্য টুটুল চৌধুরীর সহায়তায় মম কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। এমনই এক গল্পে এগিয়ে যাবে সিনেমাটির গল্প।
এতে আরো অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি আগামী মার্চে মুক্তি পাবে বলে জানা গেছে।
