সুযোগ হাতছাড়া জুভেন্তাসের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

জুভেন্তাসের হয়ে প্রথম শিরোপাজয়ের সুযোগটা হাতছাড়া হলো কোচ মাউরিজিও সারির। সুপারকোপা ইতালিয়ায় ল্যাজিওর কাছে ৩-১ ব্যবধানে হেরেছে তার দল। তবে এই হারের ফলে আক্রমণভাগের ব্যর্থতাকে দুষছেন না তিনি।

গত রবিবার রাতে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই লুইস আলবার্তোর গোলে এগিয়ে যায় ল্যাজিও। ৪৫ মিনিটে অবশ্য পাওলো দিবালার গোলে সমতা ফিরিয়েছিল সিরিআ শিরোপাধারীরা।

তবে দ্বিতীয়ার্ধে আর জুভেন্তাস আক্রমণভাগ সফলতা পায়নি। ক্রিশ্চিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়েইনরাও ছিলেন বেশ নিষ্প্রভ। আর ল্যাজিও এ সময়ে গোল করেছে দুটি। ৭৪ আর ৯০ মিনিটে সেনাদ লুলিচ ও দানিলো কাতিলদির দুটি গোলে জুভেন্তাসের শিরোপার স্বপ্ন ধূলিসাত্ হয়।

তবে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ মাউরিজিও সারি জানান প্রাণশক্তির অভাব ভুগিয়েছে দলকে। তিনি বলেন, ‘আমরা এ ম্যাচটায় প্রাণশক্তি, শারীরিক ও মানসিক শক্তির অভাব নিয়ে ম্যাচটায় এসেছিলাম। এমনটা হয়েই থাকে। এদিকে ল্যাজিও কিছুদিন ধরে অবিশ্বাস্য ফর্মে আছে।’

ল্যাজিওর কাছে হেরে শিরোপা খুইয়ে নিজেদের ওপর বেশ ক্ষুব্ধই ছিল জুভেন্তাস দল। রোনালদো তো পুরস্কার বিতরণীর মাঝেই রানার্স আপের পদক খুলে ফেলেছিলেন গলা থেকে। তবে সারি জানালেন এ নিয়ে ক্ষুব্ধ না হয়ে অন্য শিরোপার জন্যে লড়াই চালিয়ে যেতে হবে দলকে।

ইতালীয় এই কোচ বলেন, ‘আমরা একটা শিরোপা হারিয়েছি, এ কারণে আমরা দুঃখিত। কিন্তু আগামী পাঁচ মাসে আমাদের অনেকগুলো শিরোপার জন্যে খেলতে হবে। দলের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু এ নিয়ে অভিযোগ করলে কোনো সমস্যার সমাধান হবে না। আক্রমণভাগের ব্যর্থতার কারণে ম্যাচটা হারিনি আমরা। দ্বিতীয় আর তৃতীয় গোলটা তো একজন বাড়তি মিডফিল্ডার যোগ করার পর হজম করেছিলাম।’

এ ম্যাচের আগে চলতি মৌসুমে মোটে একটি ম্যাচে হেরেছিল জুভেন্তাস। সেটিও এই ল্যাজিওর বিপক্ষেই। কাকতালীয়ভাবে লিগে দলটির অপরাজিত যাত্রা শেষ হবার ম্যাচটিতেও ৩-১ ব্যবধানেই হেরেছিল সারির শিষ্যরা।

তবে সারি জানালেন একই দলের বিপক্ষে দুটি হার খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলবে না মোটেও। তিনি বলেন, ‘ল্যাজিওর বিপক্ষে আমার ইতিবাচক রেকর্ডই ছিল। আমি মনে করি এই দুই ম্যাচের ফলাফল ছেলেদের মানসিকতায় প্রভাব ফেলবে না। ম্যাচের আগেও যেমন বলেছিলাম ফাইনালের ফলাফল লিগ চ্যাম্পিয়নশিপে আগামী পাঁচ মাসের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।’