নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

মার্ক বাউচারকে হেড কোচ করে পুনর্গঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কোচিং লাইনআপ। সেখানেই ডাক পড়েছিল চার্ল ল্যাঙ্গেভেল্টের। দেশের হয়ে কাজ করতে ইচ্ছুক এই প্রোটিয়া কোচ। তাকে ছাড়তে বিসিবির কাছে অনুরোধ করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে পাঁচ মাস পার না হতেই বিদায় নেন ল্যাঙ্গেভেল্ট। গত ১৮ ডিসেম্বর তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।

ল্যাঙ্গেভেল্টের বিদায়ের পর জাতীয় দলের জন্য নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি। পাকিস্তান সফরের আগেই বোলিং কোচ নিয়োগে আশাবাদী বিসিবি। গতকাল এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ইতিমধ্যে বোলিং কোচদের একটা শর্টলিস্টও করেছে ফেলেছে বিসিবি। মুস্তাফিজ-তাসকিনদের জন্য নতুন বোলিং কোচ নিয়োগ সম্পর্কে গতকাল আকরাম খান বলেছেন, ‘আজকে (গতকাল) আমরা বসলাম। একটা শর্টলিস্ট আমরা করেছি। সবার পরিসংখ্যান বেশ ভালো। যেহেতু হাতে সময় আছে মাসখানেক। ইনশাআল্লাহ ১০-১৫ দিনের মধ্যেই বোলিং কোচ নির্ধারণ করতে পারব। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিব।’ আগের শর্ট লিস্টের কেউ এবার বিবেচনায় আছেন কিনা জানতে চাইলে আকরাম খান বলেছেন, ‘এখনকার শর্টলিস্টের দুই একজন ছিলেন। নতুন কয়েকজনকেও আমরা পেয়েছি। সিইওর মাধ্যমে কোচদের সাথে সরাসরি আলোচনা করছি। কোচদের সাক্ষাত্কার নিয়ে সরাসরি তাদের সাথে আলোচনা করব।’ ভালো মানের কোচ আনার প্রতিশ্রুতি আকরামের কণ্ঠে। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি অর্থের দিক নিয়ে চিন্তা করেন না। উঁচুমানের কোচ যেন হয় সেটাই দেখেন। যিনি আমাদের জন্য ভালো হবেন তাকেই আমরা আনব।’