দরপতন থামছে না পুঁজিবাজারে তলানিতে সূচক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

ক্রমাগত দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। রীতিমতো তলানিতে নেমে এসেছে সূচক। লেনদেনও কমতির দিকে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। এটি গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪ পয়েন্টে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪০৯ পয়েন্টে। সরকারের নেওয়া নানা উদ্যোগেও শেয়ারবাজারের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর পুঁজিও ঠেকেছে তলানিতে। এ পরিস্থিতিতে কোনো রকম লোকসান মেনে বাজার থেকে বের হয়ে যেতে চাইছেন একটি বড়ো অংশ; কিন্তু বাজার তলানিতে চলে আসায় সে পথও রুদ্ধ হয়ে আছে অনেকের জন্য। সার্বিকভাবে এ পরিস্থিতি বাজারের জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিএসইতে গতকাল ২৬৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রবিবারের চেয়ে ৭ কোটি ৫৭ লাখ টাকা কম। গত রবিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৭১ কোটি ৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে  ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান একটি কোম্পানি হলো—স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, গোল্ডেন হারভেস্ট, গ্রামীণফোন, বীকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস ও ইফাদ অটোস।

মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসএস স্টিল, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, মার্কেন্টাইল ইনসিওরেন্স, সায়হাম টেক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, আল-হাজ্ব টেক্স ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—যমুনা অয়েল, সমতা লেদার, স্ট্যান্ডার্ড সিরামিকস, আইএসএন লিমিটেড, আজিজ পাইপস, লিব্রা ইনফিউশনস, সোনালি আঁশ, সামিট অ্যালায়েন্স পোর্ট, জিকিউ বলপেন ও বেক্সিমকো সিনথেটিকস।