বিএবির অ্যাক্রেডিটেশন সনদ পেল আট প্রতিষ্ঠান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

আন্তর্জাতিক মান সংস্থা আইএসওর মান অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক আটটি গবেষণাগার ও সার্টিফিকেশন সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সনদ পেয়েছে। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর হাতে এ স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়। সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশি ল্যাবরেটরি ঢাকার ওটিএস লিমিটেড, বহুজাতিক ল্যাবরেটরি জার্মানভিত্তিক টুভ সুড বাংলাদেশ, তুরস্কভিত্তিক ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেড এবং আমেরিকাভিত্তিক মডার্ন টেস্টিং সার্ভিসেস (বিডি) লিমিটেড। এছাড়া গাজীপুরের ক্রিয়েটিভ ওয়াস লিমিটেড ল্যাবরেটরি, মির্জাপুরের নোমান টেরিটাওয়েল টেস্টিং ল্যাবরেটরি, চট্টগ্রামের মেডিক্যাল ল্যাবরেটরি এপিক হেল্থ কেয়ার এবং ঢাকার সার্টিফিকেশন সংস্থা কেজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি যেসব খাতে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ইস্যু বিবেচনাধীন রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিএবির কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিএবি ইতিমধ্যে সংশ্লিষ্ট অংশীদারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শিল্পপণ্যের গুণমানের বিষয়ে সরকার আপস করবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, বিএবির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম, সনদপ্রাপ্ত ল্যাবরেটরি ক্রিয়েটিভ ওয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হা-মীম গ্রুপের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএবি ৮০টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষণ ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।