হামলা ষড়যন্ত্রের অংশ কি না খতিয়ে দেখতে হবে ---------------- তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভিপি নুরুল হক নুরের ওপর হামলা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এটা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ কি না তাও খতিয়ে দেখা হবে। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসুর হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য, অনভিপ্রেত ও নিন্দনীয় হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, বহিরাগতদের ডাকসু ভবনে নিয়ে যাওয়াতেই এ ঘটনা ঘটেছে। ভিপি নুর ডাকসু ভবনে বহিরাগতদের নিয়ে কেন হাজির হয়েছিলেন এবং এ ধরনের ঘটনা ঘটানোর জন্য কোনো ইন্ধন ছিল কি-না, তা দেখতে হবে ? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কখনোই এ ধরনের হামলাকে সমর্থন করি না। হামলার পরপরই আমাদের দলের দুই জন নেতা সেখানে যান। এছাড়া দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দল এবং সরকারের পক্ষ থেকে    গতকাল সোমবার এ বিষয়ে কথা বলেছেন। তিনিও (কাদের) বলেছেন, আমরা এ ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করি না।’ তথ্যমন্ত্রী বলেন, ‘ডাকসুর ভিপি নুর কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন? বহিরাগতদের নিয়ে সেখানে যাওয়ার কী প্রয়োজনীয়তা ছিল?’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা দেখেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং আছে।’

‘রাজনীতি হচ্ছে একটি ব্রত’—এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটানো হয়েছে। জিয়াউর রহমান রাজনীতিতে রাজনীতিবিদদের বেচাকেনার হাট বসিয়েছিলেন।