ঝাড়খন্ডে বিজেপির পতন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫১

ঝাড়খন্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচনে রায় গেছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দলের জোটের পক্ষে। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝাড়খন্ডের ৮১ আসনের বিধানসভায় বিজেপি ২৫ এবং কংগ্রেস-জেএমএম জোট ৪৭টি আসনে এগিয়েছিল। যদিও পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেএমএম নেতা হেমান্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিজেপি ঝাড়খন্ডের মানুষের জন্য কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, বিজেপি ঝাড়খন্ডের মানুষের রায় মেনে নিয়েছে। কিছু দিন আগেই শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে বিজেপির।

এই নির্বাচনে হেরেছেন বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি নির্বাচনে পরাজয়ের দায় কাঁধে নিয়ে বলেছেন, এই পরাজয় তার নিজের দলের নয়। গতকালই পদত্যাগপত্র গভর্নরের কাছে পাঠিয়েছেন তিনি।

এদিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছেন হেমন্ত সোরেন। জেএমএমের এই নেতা গতকাল বিকেলে বাবা প্রবীণ রাজনীতিবিদ শিবু সোরেনের আশীর্বাদ নিতে তার বাসভবনে যান।