হবিগঞ্জ ও চাঁদপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুটি পৃথক আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, খসড়াগুলো হচ্ছে:‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এবং ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’। এছাড়া ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০১৯’-এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন করেছে। আনোয়ারুল ইসলাম বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলো অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন এবং একটি সিন্ডিকেট গঠন করা হবে। আইন অনুসারে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকেও নিয়োগ দেওয়া হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়গুলোতে একজন উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলও থাকবে।

‘মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০১৯’-এর খসড়ার অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভা ১৯৮৮ সালের বিদ্যমান মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়সাপেক্ষে কিছু সংশোধন করে খসড়া আইনের অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ, যা ব্রিটিশ আমলের আইনকে সমর্থন করেছিল এবং সেগুলো আপডেট করা এবং বাংলা ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনস্যুলেট জেনারেলের অফিস স্থাপনের প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে। তিনি বলেন, নতুন কনস্যুলেট অফিস স্থাপন করা হলে উভয় দেশের কূটনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরো জোরদার হবে।