বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে :প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যে কোনো ধর্মের উত্সব আয়োজনে সরকার প্রতি বছরই সহযোগিতা করে থাকে। এবারও খ্রিষ্টান ধর্মের বড়োদিন উপলক্ষ্যে সহযোগিতা করা হয়েছে, যাতে বড়োদিনে প্রত্যেকে মিষ্টিমুখ করতে পারে। গতকাল সোমবার বিকালে গণভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়োদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।         প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মুসলমানরা যেমন ১০০ টাকার মাধ্যমে তার সন্তানদের সম্পত্তি হেবা করে দিতে পারেন, এই সুযোগ খ্রিষ্টানদের ছিল না। আমরা আইন করে আপনাদের সন্তানদের ক্ষেত্রে একই টাকায় এ ধরনের সম্পত্তি দেওয়ার বিধান করেছি। ফলে আপনাদের সন্তানদের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে।’ ২০০৯ সালে খ্রিষ্টান ধর্ম কল্যাণ ট্রাস্টে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী খ্রিষ্টান ধর্মের ধনাঢ্যদের ওই ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা গণভবনে এসেছেন, গণভবনের মাটি ধন্য হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের সেবা করার জন্যই রাজনীতি করতেন। মানুষ যেন দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পায়, সেজন্য তিনি কাজ করছেন। যারা মানুষের জন্য কাজ করেন, তাদের কেন এভাবে ব্যথা পেতে হয় তা জানি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে সারা বিশ্বে থাকা এই ধর্মের মানুষের প্রতি বড়োদিনের শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই বাংলাদেশে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান সুযোগ নিয়ে বসবাস করবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি।’ সব ধর্মের মানুষকে সরকার সমান চোখে দেখে, সে কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত।’

 শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিএসবি) সভাপতি নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার। তারা প্রধানমন্ত্রীর হাতে বড়োদিনের শুভেচ্ছা কার্ড তুলে দেন। উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, অ্যাসোসিয়শনের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য জুয়েল আরেং, সংসদ সদস্য গ্রোরিয়া ঝর্ণা সরকার, চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ সুনীল মানকিন, ন্যাশনাল খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ফেলোশিপের সভাপতি বিশপ ড. এলবার্ট পি মৃধা, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রিষ্টান লীগের সাধারণ সম্পাদক ড্যানিয়েল নির্মল ডি কস্টা, সিএসবির যুগ্ম-আহ্বায়ক গ্যাব্রিয়েল রোজারিও প্রমুখ।